ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার জন।
চলতি বছর ফেনীর ৩৬টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ২৩ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ২৯ হাজার ৬০৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সুত্রে জানা যায়, চলতি বছর ফেনীর ২১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৪ হাজার ৯৪৩ জন, দাখিল পরীক্ষায় ৯টি কেন্দ্রে অংশ নেবে ৫ হাজার ৯৭৭ জন এবং ভোকেশনাল পরীক্ষার ৬টি কেন্দ্রে অংশ নেবে ১ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী।
সূত্র আরও জানায়, ফেনী সদরে এসএসসিতে ৬ হাজার ৭০১ জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ৯৩০ এবং ভোকেশনালে ৪৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। সোনাগাজীতে এসএসসিতে ১ হাজার ৯০৮ জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ৬১ জন এবং ভোকেশনালে ২১৪ জন পরীক্ষার্থী রয়েছে। দাগনভূঞায় এসএসসিতে ২ হাজার ৫৭৯ জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ৯ জন পরীক্ষার্থী রয়েছে ছাগলনাইয়ায় এসএসসিতে ১ হাজার ৪৮৩ জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ১৪৪ জন এবং ভোকেশনালে ২৭৯ জন পরীক্ষার্থী রয়েছে। ফুলগাজীতে এসএসসিতে ১ হাজার ৪৭৯ জন, দাখিল পরীক্ষায় ৩৩১ জন এবং ভোকেশনালে ১০৫ জন পরীক্ষার্থী রয়েছে। পরশুরামে এসএসসিতে ৭৯৩ জন, দাখিল পরীক্ষায় ৫০২ জন এবং ভোকেশনালে ৮৩ জন পরীক্ষার্থী রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার জন্য কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। প্রতি দুইটি কেন্দ্রে একজন করে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ বলেন, গতবারের তুলনায় ফেনীতে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি ভিজিলেন্স টিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে ভিজিলেন্স টিম কাজ করবে।
ফেনী জেলা প্রশাসক মনিরা হক জানান, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্রের আশপাশে ফটোকপি ও কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরীক্ষার সময় যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন কাজ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলা বিষয়ে পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে ২০ মে পর্যন্ত এসএসসি এবং ২৪ মে পর্যন্ত দাখিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।