স্মার্ট চশমার বাজারে আসছে অ্যাপল। মেটার রে-ব্যান চশমাকে টক্কর দিতে বর্তমানে চারটি ভিন্ন ডিজাইনের ফ্রেম ও একাধিক রঙের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে আইফোন নির্মাতা কোম্পানিটি। এ স্মার্ট চশমাটি ২০২৭ সাল নাগাদ বাজারে আসতে পারে, যা দিয়ে ছবি তোলা ও ভিডিও করার পাশাপাশি অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির উন্নত বিভিন্ন সুবিধাও ব্যবহার করা যাবে। স্মার্ট চশমার বাজারে কিছুটা দেরিতে প্রবেশ করলেও চারটি ভিন্ন স্টাইল নিয়ে কাজ করছে অ্যাপল। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, অ্যাপল বর্তমানে যে চারটি স্টাইল পরীক্ষা করছে তার সবই বা কয়েকটি বাজারে আসতে পারে।
অ্যাপল বড় এক চারকোনা ফ্রেম নিয়ে পরীক্ষা করছে, যা দেখতে অনেকটা মেটার ‘রে-ব্যান ওয়েফেয়ারার’-এর মতো। আরও রয়েছে অ্যাপল সিইও টিম কুকের চশমার মতো এক চিকন চারকোনা ডিজাইন, বড় এক বৃত্তাকার ফ্রেম এবং ছোট এক বৃত্তাকার অপশন। অ্যাপল কালো, ওশান ব্লু ও হালকা বাদামিসহ বেশ কিছু রঙের ওপরও কাজ করছে। অভ্যন্তরীণভাবে ‘এন৫০’ কোডনাম দেওয়া অ্যাপলের এ স্মার্ট চশমা সরাসরি মেটার সেকেন্ড জেনারেশন রে-ব্যান মডেলের সঙ্গে পাল্লা দেবে।
তবে মেটার চশমার সঙ্গে মিল থাকলেও অ্যাপল তাদের ডিজাইনে কিছুটা ভিন্নতা আনতে পারে। এতে ‘লম্বালম্বি বৃত্তাকার লেন্স ও আশপাশে লাইট’ থাকতে পারে। মেটার চশমার মতোই অ্যাপলের এ পণ্যটিও ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করতে পারবে। তবে তা আইফোনের সঙ্গে আরও উন্নতভাবে কাজ করবে, যাতে ব্যবহারকারীরা অ্যাপলের নিজস্ব ইকোসিস্টেম ব্যবহার করে খুব সহজে এডিট, শেয়ার, ফোন কল রিসিভ, নোটিফিকেশন দেখা, গান শোনা ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুবিধা পান।
অ্যাপলের এ স্মার্ট চশমা আইওএস২৭-এর উন্নত সিরির সমসাময়িক সময়েই বাজারে আসতে পারে। অ্যাপল তাদের স্মার্ট চশমা ২০২৬ সালের শেষদিকে বা ২০২৭ সালের শুরুতে দেখাবে। এরপর ২০২৭ সালের কোনো এক সময়ে তা আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে। প্রতিযোগিতার কথা বললে মেটা সম্প্রতি তাদের স্মার্ট চশমার সর্বশেষ মডেলটি বাজারে এনেছে, যা প্রেসক্রিপশন লেন্সের জন্য বেশি উপযোগী ও ব্যবহারকারীরা প্রয়োজন অনুসারে তা সহজে মানিয়ে নিতে পারবেন।