রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকটা হলো নাটকীয়তায় ঠাসা। শ্রীলংকা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তবে ২০৬ রানের লক্ষ্য তাড়ায় একপর্যায়ে অজেয় মনে হওয়া টাইগ্রেসরা শেষ দিকে মাত্র ১১ বলের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচটিকে কঠিন করে তুলেছিল। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নিগার সুলতানার দল।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৬৮ রান তুললেও বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেননি লংকানরা। শ্রীলংকার পক্ষে ইমেশা দুলানি (৫২) ও হানসিমা করুনারতেœ (৫৪) অর্ধশতক করলেও ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানেই আটকে যান তারা। বাংলাদেশের হয়ে রিতু মণি ৩৬ রানে ৩ এবং নাহিদা আক্তার ৩৮ রানে ২ উইকেট শিকার করেন। মারুফা আক্তার ৮ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ছিলেন অত্যন্ত কিপটে।
২০৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে তিন নম্বরে নেমে হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। তার ১২৭ বলে ৮৬ রানের (১৩টি চার) লড়াকু ইনিংসটিই জয়ের ভিত গড়ে দেয়। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারির (৪১) সঙ্গে ৮৭ রান এবং পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারের (৩৫) সঙ্গে ৭৮ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
জয়ের জন্য যখন ৩৬ বলে মাত্র ৭ রান প্রয়োজন এবং হাতে ৭ উইকেট, তখন অবিশ্বাস্যভাবে ধসে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। ৪৪.৩ ওভার থেকে ৪৬.১ ওভার এই ১১ বলের মধ্যে মাত্র ১ রান তুলতেই শারমিন, স্বর্ণা, রিতু ও রাবেয়া সাজঘরে ফেরেন। হঠাৎ তৈরি হওয়া এই চাপ সামাল দেন নাহিদা ও সুলতানা খাতুন। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যান স্বাগতিকরা।
