পুরো লুহানস্ক দখলের দাবি রাশিয়ার

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:১০ এএম

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পুরো ভূখণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। গতকাল মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ খবর জানিয়েছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ সাউদার্ন গ্রুপ অব ফোর্সেসের কমান্ড পোস্ট পরিদর্শনের সময় এ দাবি করেন। গেরাসিমভ জানান, মার্চ ও এপ্রিল মাসে রাশিয়ার সেনাবাহিনী ৩৪টি বসতি এবং প্রায় ৭০০ বর্গকিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি আরও বলেন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮০টি বসতি এবং ১ হাজার ৭০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

ভূখন্ডটি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে গেরাসিমভ বলেন, লুহানস্ক পিপলস রিপাবলিকের মুক্তি পুরোপুরি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে তিনি জানান, যৌথ বাহিনীর ইউনিটগুলো বিভিন্ন দিকে তাদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত রেখেছে। এর আগে ১ এপ্রিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লুহানস্ক পিপলস রিপাবলিকের ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে থাকার ঘোষণা দিয়েছিল। তবে পরদিনই ইউক্রেনের কর্র্তৃপক্ষ সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছিল, তাদের বাহিনী ওই অঞ্চলে এখনো রক্ষণাত্মক অবস্থানে রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতের শুরু হয়। এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও, ইরান যুদ্ধের কারণে শান্তি আলোচনা প্রায় থমকে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত