এসএসসি পরীক্ষা শুরু প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ জন

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ এএম

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে গতকাল মঙ্গলবার দেশের ১১ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ছয় পরীক্ষার্থী এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এদিন সব বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন। বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্যমতে, ৯ সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন। এদিন দুজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে একজন ঢাকা বোর্ডে, অন্যজন দিনাজপুর বোর্ডে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ পরীক্ষার্থীর। তবে অংশ নিয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এতে অনুপস্থিত ১১ হাজার ২১১ জন। মাদ্রাসা বোর্ডে সারা দেশে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ৬৫৩ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ২ হাজার ৩০৭ জন। কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি; তবে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

সাধারণ ৯ শিক্ষা বোর্ডে গড় অনুপস্থিতি ১ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি ছিল বরিশাল বোর্ডে ১ দশমিক ৩৯ শতাংশ। সবচেয়ে কম অনুপস্থিতি ছিল  দিনাজপুর বোর্ডে। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে গড় অনুপস্থিতি ৪ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ১ দশমিক ৯৩ শতাংশ।

প্রশ্নফাঁসের আশঙ্কা নেই : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সব শিক্ষা বোর্ডে এবার সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা স্বস্তির পরিবেশে আনন্দের সঙ্গে অংশ নিচ্ছে। এবার প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই। আগামী পরীক্ষাগুলোও নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের আওতায় রাখা হবে। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ সংরক্ষণ (আর্কাইভ) করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে সেই ফুটেজ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত