দায়িত্বশীল রাজনীতির চর্চা চান নাহিদ ইসলাম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:২১ এএম

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দেশে দায়িত্বশীল রাজনীতি ও সাংবাদিকতা চর্চার ওপর জোর দিয়েছেন। গতকাল সোমবার ‘সাংবাদিকের চোখে জুলাই ৩৬’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশ এখন যে জায়গায় আছে, সেখান থেকে পেছনে যাওয়া যাবে না। এনসিপি চায়, গণভোটের গণরায় বাস্তবায়িত হবে, গণহত্যার বিচার হবে, স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত হবে এবং গণতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে।

এনসিপিপ্রধান আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে। গঠনমূলক সাংবাদিকতা, সাংবাদিকদের সুরক্ষা ও গঠনমূলক রাজনীতি চর্চার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষা না থাকলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তিনি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। দেশে এখন মুক্ত পরিবেশ আছে এমনটি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তবে এটা কতদিন থাকবে, তা তারা জানেন না। কারণ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে।

এনসিপি আহ্বায়ক বলেন, যখন তারা গণতান্ত্রিকভাবে কোনো কিছুর  প্রতিবাদ করছেন, গ্যাস ও বিদ্যুৎ সরকারকে নিশ্চিত করতে হবে  এমনটি বলা হচ্ছে, তখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, এটি হঠকারিতা। বলা হচ্ছে, রাস্তায় বসে বিক্ষোভ করা যাবে না; যদিও রাস্তায় বসে বিক্ষোভ করা গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরে কথা বলবে এটাই গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। এ ক্ষেত্রে গণমাধ্যমকে ভূমিকা পালনের তাগিদ দিয়ে তিনি বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দলগুলো নিজেদের ভূমিকা পালন করবে।

জুলাই গণঅভ্যুত্থানে যেসব সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কল্যাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।

জুলাই গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের উদ্দেশে বলেন, ‘আমরা চাই না আপনারা বিপথে যান।’

সরকারি দল বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আগে ছাত্রদের দল ছিল না। এখন তারা দল গঠন করে নেতৃত্বে এসেছে। তাদের সম্মান করুন; ভুল হলে ধরিয়ে দিন।’

এনসিপি নেতা আখতার হোসেন এমপি, নুসরাত তাবাসসুম এমপি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদিব ও মুনিরা তাবাসসুমসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, নিউ এইজের উপসম্পাদক আজাদ মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহিদুল ইসলাম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল ইসলাম কাঞ্চনসহ অন্য সাংবাদিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত