টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় অপহরণ চক্র ও পাহাড়ি সন্ত্রাসীদের দমনে যৌথবাহিনীর উদ্যোগে একটি চিরুনি অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকার পাহাড়ি অঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের মূল লক্ষ্য ছিল পাহাড়ি সন্ত্রাসীদের নির্মূল করা এবং সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান। তার সঙ্গে অংশগ্রহণ করেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কৌশিক, বিজিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদ এবং র‍্যাবের ডিএডি। নৌবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়।

যৌথবাহিনী মঙ্গলবার (২১ এপ্রিল) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী পাহাড়ে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় ভিকটিমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন টিমের সদস্যরা।

পাশাপাশি স্থানীয় সূত্র থেকেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। যা তদন্ত কার্যক্রমে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত