চা বিক্রেতাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

জামালপুরে চা বিক্রেতা এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও রুকু (৪০)। তাদের সবার বাড়ি জামালপুর পৌর শহরের পাথালিয়া নওভাঙার চর এলাকায়। এর মধ্যে বুলবুল আহমেদ ও রুকু পলাতক রয়েছেন।

মামলার সুত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের শাহ জামাল মাজারের সামনে ছোট্ট একটি দোকানে চা ও পান বিক্রি করতেন ভুক্তভোগী নারী। ২০২৩ সালের ১৪ মে রাতে তাকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে শহরের ফৌজদারী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড এবং অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দিয়েছেন। ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাদের তিনজনকে যাবজ্জীবনের পর মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডাদেশ দেয়। অর্থদণ্ড হিসেবে আদায় করা টাকা ভুক্তভোগীকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত