চট্টগ্রামের ফটিকছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী, অভিভাবক ও পথচারীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরীক্ষা শেষে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে সড়কে দুটি বালুবোঝাই ট্রলি দাঁড়িয়ে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের দুর্ভোগে পড়তে দেখা যায়। অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হয়, ফলে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রলিগুলো অবস্থান করায় যানবাহন চলাচল ব্যাহত হয়। ধীরে ধীরে পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। বিশেষ করে পরীক্ষা শেষে একযোগে শিক্ষার্থী ও যানবাহনের চাপ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এ ঘটনায় সমাজকর্মী হাসান চৌধুরীসহ স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষার সময় এমন গুরুত্বপূর্ণ স্থানে বালুর ট্রলি দিয়ে সড়ক দখল করা চরম দায়িত্বহীনতার পরিচয়। তারা পরীক্ষার আগে ও পরে এ ধরনের অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়ানো যায়।
