দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি পা রাখল তার গৌরবময় ১৪ বছরে। বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা, আলোচনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে শুটিংক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, কলাকুশলী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা। শুরুতেই ফুলেল শুভেচ্ছা ও অনুভূতি প্রকাশ, আর ফাঁকে ফাঁকে কেক কেটে উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক খ্যাতনামা ব্যক্তিরা শুরুতেই এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা এশিয়ান টিভির যাত্রাপথ, সাফল্য ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা জানাতে আসা রাষ্ট্রীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এশিয়ান টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সামাজিক দায়বদ্ধতা এবং বিনোনের সমন্বয়ে দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সংবাদ, নাটক, টকশো ও নানা ধরনের বৈচিত্র্যময় অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটি ইতিমধ্যে দেশে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
অনুষ্ঠানে আরও বলা হয়, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও কনটেন্টে নতুনত্ব আনতে কাজ করে যাচ্ছে এশিয়ান টিভি। ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজেদের উপস্থিতি জোরদার করে তরুণ দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
এশিয়ান টিভির চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ১৩ বছরের পথচলায় দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও মানসম্মত ও দায়িত্বশীল সম্প্রচার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গণমাধ্যমের এই প্রতিযোগিতামূলক সময়ে এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি উদযাপন নয়, বরং নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার এক দৃঢ় অঙ্গীকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘যত বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান আছে তা মূলত সমাজ এবং রাজনীতিকে বিনির্মাণের কাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন উদ্যোক্তারা জড়িত থাকেন, তারা কেউই গণমাধ্যমের মালিক হওয়ার কারণে পৃথিবীর ধনীদের তালিকায় তাদের নাম ওঠে না। কিন্তু গণমাধ্যমের এই উদ্যোক্তার দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন করা এবং সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে সংযুক্ত থাকা। এর জন্য একটা আলাদা প্যাশন লাগে। শুধু এই বিনিয়োগ করার ক্ষমতা অথবা প্রফিট মোটিভ এ ধরনের প্রতিষ্ঠানের প্রধান উপযোগী শক্তি হিসেবে কাজ করে না, সেই বিবেচনায় আমি বিশ্বাস করতে চাই, এশিয়ান টিভির মালিকদের অন্যান্য যে ব্যবসা থাকুক না কেন, এই গণমাধ্যম প্রতিষ্ঠানকে তারা জনগণের মাধ্যম হিসেবে বিবেচনা করবেন এবং এর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতাকে তারা সেভাবেই রক্ষা করার চেষ্টা করবেন।’
তিনি বলেন, ‘আমারে মতো দেশগুলোয় সাম্প্রতিককালের একটি প্রবণতা হচ্ছে গণমাধ্যমকে একটা ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা। সেটা যেমন ক্ষমতার প্রতিযোগিতা হতে পারে। সেটা তেমনি বাণিজ্যিক ফায়দা তোলার জন্যও হতে পারে। এক্ষেত্রে আমি আজকের এই শুভেিন বিশ্বাস করতে চাই, এশিয়ান টিভির ভবিষ্যৎ যাত্রাতে তার প্রধান মোটিভ থাকবে সংবাদের বস্তুনিষ্ঠতাকে হাজির করে দেওয়া। কারণ সংবাদের বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের প্রধান বিষয়।’
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ্ থেকে ফুলেল শুভেচ্ছা এবং কেক উপহার দেয়া হয়। এ সময় তিনি বলেন, ‘বার্ষিকীতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি উত্তরোত্তর প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করছি। আমি আশা করি দেশ গঠনে এশিয়ান টিভি, দেশ রূপান্তর ও মুকুল সাহেব একটা বিশাল ভূমিকা রাখতে পারেন। কারণ মিডিয়াই জাতির দর্পণ। যদিও মিডিয়া আনথ্যাঙ্কফুল জব। মিডিয়া কেউই হয়তো পছন্দ করে না। সমালোচনা করতেই হয়। ভালোও করতে হয়, খারাপও করতে হয়। সাদাকে সাদা, কালোকে কালা। কিন্তু মিডিয়া ৩৬৫ দিন যদি আপনি কারও পক্ষে লেখেন, একদিন বিপক্ষে লিখলেই আপনার বিরুদ্ধে চলে যাবে। সুতরাং ইট ইজ আনথ্যাঙ্কফুল জব।’
তিনি বলেন, ‘মিডিয়া একমাত্র জায়গা যেখানে দেশ জাতি মানুষ সম্বন্ধে বলা যায়। সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা মিডিয়ার সমালোচনা সহ্য করবেন, ইভেন সরকারও যেন মিডিয়ার সমালোচনা সহ্য করতে পারে, সেটা আমি সরকারকে অনুরোধ জানাব।’
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই আপ্লুুত। কারণ আমাদের সোনারগাঁয়ের ভূমিপুত্র আমিও সেখানকার, যেখানে জন্মগ্রহণ করেছি, উই আর প্রাউড অফ মিস্টার মুকুল।’
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে দেশের সংকট মোকাবিলা করব, ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব সেই প্রত্যয়স্বপ্ন এবং প্রত্যাশা আমাদের থাকবে এবং এশিয়ান টিভিকে আবারও অভিনন্দন জানাচ্ছি।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আপনাদের সবাইকে আবারও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের যাত্রাপথে আপনারা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জাতির প্রত্যাশা পূরণ করবেন এবং কঠিন দুঃসময়েও সত্যের পক্ষে থাকবেন। মাথা নত করবেন না এটাই আমাদের প্রত্যাশা।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, আমি আশা করছি এশিয়ান টিভি অতীতে যেমন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, ভবিষ্যতেও ঠিক একইভাবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।
পাবনায় শিবির-ছাত্রদল সংঘর্ষ, রাবিতে বিক্ষোভ