আবার পাপ কাহিনী আবার রুনা খান

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ এএম

ছোট ও বড় পর্দার পাশাপাশি ওয়েব দুনিয়াতেও নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন রুনা খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী নাটকে কাজ এক প্রকার ছেড়েই দিয়েছেন বলা চলে। তার ধ্যান-জ্ঞান কেবল চলচ্চিত্র ঘিরেই। গত বছর এই অভিনেত্রীর ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি নিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিল। বিশেষ করে রুনা খানের অভিনয় নিয়ে দর্শকের মধ্যে দেখা দিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। প্রথম পর্বের আলোচনার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেল এর দ্বিতীয় কিস্তি ‘পাপ কাহিনী ২’ । অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত দ্বিতীয় পর্বেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। মুক্তির আগের দিন বুধবার প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে টিজার। প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত সিরিজটির ৩৭ সেকেন্ডের টিজারের শুরুতেই ছিল সতর্কবার্তা, ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না।’ এরপর দেখানো হয় সিরিজটির বিভিন্ন ঝলক। তবে টিজারে কোনো সংলাপ রাখা হয়নি, কেলব আবাহসংগীতের তালে কয়েকটি দৃশ্য দেখা গেছে; এর ফলে গল্প সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।

সিরিজটির প্রথম কিস্তি নির্মিত হয় মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তার স্ত্রীর অঢেল সম্পদ। তবে বউকে ভালো লাগে না মফিজের। অন্য নারীর প্রতি তার চোখ। সেটা হাতেনাতে ধরে ফেলে স্ত্রী। মফিজ তার কাছে মাফ চেয়ে পরিস্থিতি সামাল দেয়। একসময় হত্যার জন্য স্ত্রীকে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু প্রাণে বেঁচে যায় মফিজের স্ত্রী। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছিল গল্প। এবারও সিরিজে তুলে ধরা হয়েছে প্রেম,  প্রতারণা এবং প্রতিশোধের গল্প।

‘পাপ কাহিনী ২’ নিয়ে রুনা খান বলেন, পাপ কাহিনীর গল্পটা আমাকে ছুঁয়ে গেছে। একজন গৃহবধূর চরিত্রে আমি অভিনয় করেছি। গৃহবধূর সঙ্গে চরম বিশ্বাস ঘাতকতা করা হয়। বিশ্বাস ঘাতকতার প্রতিক্রিয়া দারুণভাবে উঠে এসেছে। দ্বিতীয় কিস্তিতে আরও নাটকীয়তা রয়েছে। আমার বিশ্বাস দর্শক পরিপূর্ণ বিনোদন পাবে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত