ফুটবলের মক্কা খ্যাত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম এবার নতুন এক ইতিহাসের সাক্ষী হলো। রিয়াল মাদ্রিদ ঘরের এই মাঠটি বর্তমানে রূপ নিয়েছে একটি টেনিস কোর্টে। 'মিউচুয়া মাদ্রিদ ওপেন' উপলক্ষে স্টেডিয়ামের ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে ক্লে কোর্ট (মাটির কোর্ট), যেখানে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা অনুশীলনের সুযোগ পাবেন।
বার্নাব্যুর এই বিশেষ আয়োজনে বৃহস্পতিবার টেনিস র্যাকেট হাতে নেমেছিলেন টেনিস কিংবদন্তি এবং কট্টর রিয়াল মাদ্রিদ ভক্ত রাফায়েল নাদাল। তবে এটি কোনো সাধারণ অনুশীলন ছিল না; নাদাল জুটি বেঁধেছিলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে। তাদের প্রতিপক্ষ ছিলেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার এবং রিয়ালের মাঝমাঠের প্রাণভোমরা জুড বেলিংহাম।
এই রোমাঞ্চকর অভিজ্ঞতা শেষে নাদাল তার ইনস্টাগ্রামে লিখেন, "বার্নাব্যুর মতো জায়গায় এমন অনন্য একটি কোর্ট উপভোগ করা ছিল সত্যিই বিশেষ কিছু।" পরে ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্যোগকে তিনি এক কথায় 'অসাধারণ' বলে অভিহিত করেন।
২০২৪ সালে বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার পর এর বহুমুখী ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এর আধুনিক 'রিট্র্যাক্টেবল পিচ' বা ঘাস সরিয়ে নেওয়ার প্রযুক্তির কারণেই ফুটবল মাঠকে মুহূর্তেই টেনিস কোর্টে রূপান্তর করা সম্ভব হয়েছে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানায়, এটি কেবল একটি টুর্নামেন্টের আয়োজন নয়, বরং খেলাধুলার ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রকৌশলের এক সেতুবন্ধন।
এই ইভেন্টে নারী টেনিসের অন্যতম শীর্ষ তারকা ইগা সোয়াটেককেও উপস্থিত থাকতে দেখা গেছে। মূলত ‘কাজা ম্যাজিকা’ টেনিস কমপ্লেক্সে মূল টুর্নামেন্টটি চললেও, খেলোয়াড়দের অনন্য অভিজ্ঞতা দিতেই বার্নাব্যুতে এই অস্থায়ী কোর্টের ব্যবস্থা করা হয়েছে।
৩৪ সেকেন্ডের গোলের জয়ে কিংসের ঘাড়ে নিঃশ্বাস আবাহনীর