ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধ বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব সরাসরি বাংলাদেশের ওপর পড়ছে। বিশেষ করে বিশ্ব রাজনীতির এই অস্থিরতার কারণে দেশের অভ্যন্তরীণ বহু উন্নয়ন পরিকল্পনা এখন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি মনে করেন, বৈশ্বিক এই সংঘাতময় পরিবেশ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
আগামী ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, ঐদিন দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই প্রবীণ নেতা আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার ফলে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা এখন জরুরি হয়ে পড়েছে। মে দিবসের কর্মসূচি সফল করার লক্ষে তিনি শ্রমিক দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শ্রমজীবী মানুষকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।
