ইসলামি ঐতিহ্য ও সৌদি সংস্কৃতিতে মুখর সারায়েভো বইমেলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে অনুষ্ঠিত ৩৭তম সারায়েভো আন্তর্জাতিক বইমেলায় সৌদি আরবের প্যাভিলিয়নে ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যময় উপস্থাপনা দর্শকদের মাঝে দারুণ সারা ফেলেছে।

সৌদির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২২ এপ্রিল স্কেন্দারিয়া সেন্টারে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রদূত আনাস আল-উসাইদি, যা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। 

মূলত আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক বিনিময় জোরদার এবং ইসলামের সহনশীলতার আদর্শ প্রচারের লক্ষ্যেই ‘বইয়ের পথ’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় বিশেষ প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে সৌদি।

এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০০ প্রদর্শক অংশ নিয়েছে। ১০ হাজার বর্গমিটারের বেশি এলাকা জুড়ে এই আয়োজন বিস্তৃত।

সৌদি প্যাভিলিয়নে দেশটির সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন কর্মসূচি, প্রকাশনা ও কার্যক্রম তুলে ধরা হয়েছে। সেখানে একটি প্রামাণ্যচিত্রে সৌদি আরবের সাংস্কৃতিক অগ্রগতি এবং ভিশন ২০৩০-এর বিভিন্ন সাফল্য তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন শহর ও পর্যটনস্থানের পরিচিতিমূলক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

এছাড়া প্যাভিলিয়নে রয়েছে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি, সৌদি সংস্কৃতি কর্নার, সৌদি কফি প্রস্তুত প্রণালির কর্মশালা, আরবি ক্যালিগ্রাফি কর্নার এবং শিশুদের জন্য আলাদা আকর্ষণীয় আয়োজন। এসব উদ্যোগ দর্শনার্থীদের কাছে সৌদি সংস্কৃতি ও ইসলামি ঐতিহ্যকে সহজভাবে তুলে ধরছে।

মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরব ইসলাম ও মুসলমানদের সেবায় তাদের অগ্রণী ভূমিকা, মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা এবং বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময় জোরদারের প্রতিশ্রুতি তুলে ধরছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত