নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় আরবি আক্তার (১৫) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার সরদার হাট চৌপতি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরবি আক্তার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুঠিরডাঙ্গা বগুড়াপাড়া এলাকার আমিনুর রহমানের মেয়ে ও ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
জানা যায়, আরবি বাইসাইকেল যোগে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ডিমলা মেডিক্যাল মোড়ের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক বাই সাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয় আরবি। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা উদ্ধার করে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। রংপুর হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিবেশি আব্দুল আলীম জানান, আরবি অনেক মেধাবী শিক্ষার্থী ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার পরিবারে শোকের মাতম বিরাজ করছে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সড়কটিতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি বলে জানান তিনি।
ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। আমরা ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি।
