সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন সরকার (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বিকেলে তার মৃত্যু হয়।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালি জানান, নিহত সুজন সরকার নাকনা গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র ছিলেন। সকালে নিজ বাড়িতে ধান মাড়াইয়ের জন্য মেশিন চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয় বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এদিকে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি শামীম আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন ঘরের ভেতরে ধান মাড়াই মেশিনে বিদ্যুতের প্লাগ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অসাবধানতায় বিদ্যুৎ ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে সতর্ক হওয়ার তাগিদ অনুভব করছেন স্থানীয়রা।
