গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ৫ পরীক্ষার্থী বহনকারী গ্যাসচালিত অটো সিএনজি-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৩ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকার জাবের স্পিনিং মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- আমিনুল ইসলাম পাপ্পু, সজিব আহাম্মেদ, আহাদ মিয়া, আবির হোসেন ও জাহিদ হাসান।
তাদের মধ্যে আমিনুল ইসলাম পাপ্পু, সজিব আহাম্মেদ ও আহাদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর দুই শিক্ষার্থী আবির হোসন ও জাহিদ হাসান প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষার্থীরা সবাই ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়নপুর বাজার এলাকা থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজি পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। পথে এমসি বাজার ইউটার্ন পার হওয়ার আগেই জাবের স্পিনিং মিলসের সামনে ময়মনসিংহগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্যাস চালিত সিএনজি অটোরিকশা উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে থাকা ৫ শিক্ষার্থী (পরীক্ষার্থী) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বেড়াইদের চালা আলহাজ্ব ধনাই বেপারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ ও অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দুই পরীক্ষার্থীকে কেন্দ্র পাঠানো হয় পুলিশের গাড়িতে করে। পরে তারা পরীক্ষায় অংশ নেয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া জানান, সকালে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের বহনকারী পরিবহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৫ পরীক্ষার্থী আহত হয়। তাদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আপাতত শঙ্কামুক্ত। দু একদিন পর হাসপাতাল থেকে ফিরে বাকী পরীক্ষায় অংশ নিতে পারবে আশা করছি। অপর আহত দুজন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলতি পরীক্ষায় অংশ নিয়েছে।
গোবিন্দগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত