গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় তিনি তদবির প্রসঙ্গে মন্তব্য করে বলেন, তার কাছে বিভিন্ন সময়ে প্রচুর তদবির আসে, যা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, একবার এক ভদ্রমহিলাকে তিনি বলেছিলেন—তার 'বাবার নাম আইন এবং মায়ের নামও আইন', তাই কোনো চাপ বা তদবিরের কারণে তিনি আইনের বাইরে যেতে পারবেন না।
তিনি আরও বলেন, বিচারক ও আইনজীবীরাও আইনের ভিত্তিতেই কাজ করেন, ফলে তাদের ক্ষেত্রেও আইনই সর্বোচ্চ নির্দেশনা।
আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, লিগ্যাল এইড সেবা সম্পর্কে জনগণকে আরও বেশি জানাতে হবে। সঠিকভাবে মামলা পরিচালনা ও তথ্য জানানো হলে দরিদ্র জনগোষ্ঠী দ্রুত ন্যায়বিচার পেতে পারে। তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থার মাধ্যমে সরকারি খরচে অনেক আইনি জটিলতা সহজে সমাধান করা সম্ভব।
'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মো: আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার শরীফ উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের সরকারি কৌঁসুলি (জিপি) ও পাবলিক প্রসিকিউটর (পিপি)-রা।