মেয়ে থেকে ছেলে রূপান্তরিত কাবির পেয়েছে জিপিএ ৪.৫৬ 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীচালা এলাকায় হরমোন পরিবর্তনের কারনে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া আব্দুর রহমান কাবির এসএসসি পাশ করেছে। সে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জন্মের সময় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নথিতে কেয়া আক্তার নামে পরিচিত ওই শিক্ষার্থী বর্তমানে আব্দুর রহমান কাবির দেওয়ান নামে পরিচিত। এই শারীরিক পরিবর্তনের ঘটনা এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (১০ আগস্ট) তার এসএসসির ফলাফল দেওয়ার পর দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছে তার বাড়িতে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বেলতলা এলাকার কাইয়ুম দেওয়ান ও কণিকা ইসলামের সন্তান কেয়া আক্তার। বর্তমানে পরিবারসহ তারা কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙ্গীচালা এলাকায় শহীদের বাড়িতে ভাড়া থাকেন। কেয়া আক্তার নামে নিবন্ধিত ওই শিক্ষার্থী ওই এলাকার ধানসিঁড়ি পাবলিক স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে দেখা যায়, সে জিপিএ ৪.৫৬ (এ গ্রেড) পেয়ে উত্তীর্ণ হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে তার নাম রাখা হয়েছে কাবির দেওয়ান।

মা কণিকা ইসলাম বলেন, ২০২৫ সালের শেষের দিকে তার শরীরে ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রথমে বিষয়টি পরিবারের বাইরে কাউকে জানানো হয়নি। পরে পরিবারের সদস্যরা কণ্ঠস্বরসহ বিভিন্ন শারীরিক পরিবর্তন লক্ষ্য করে ও আশপাশের মানুষ বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর চিকিৎসকের পরামর্শে বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করানো হলে বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত হন।  

কাবির বলেন, রেজাল্ট দিয়েছে আমি বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৪.৫৬ পেয়েছি। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। ভবিষ্যতে ভালো চাকরি করে পরিবার ও দেশের জন্য কাজ করতে চাই।

ধানসিঁড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, কত কয়েক দিন আগে আমার ওই শিক্ষার্থী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি আমরা জানতে পারি। তবে সে এতদিন কেয়া নামেই এখানে পড়াশোনা করেছে। এখন তার নাম রাখা হয়েছে কবির দেওয়ান। সে এবার (এ গ্রেডে) উত্তীর্ণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত