রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছর বয়সি মেয়ে সাফিয়া আহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সকালে মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় হঠাৎ বজ্রপাতে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন সুমন। ঘটনাস্থলেই তিনি মারা যান। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে।
