বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড়ো আবহাওয়া শুরু হলে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ দুই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে। এ সময় ঘাটের উভয় প্রান্তে থাকা ফেরিগুলোকে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয় এবং মাঝনদীতে থাকা নৌযানগুলোকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়।
ঘাট সূত্র জানায়, রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। ভোরের দিকে পরিস্থিতি আরও খারাপ হলে নদীতে ঢেউ ও স্রোত বেড়ে যায়, ফলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
তবে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়ার কিছুটা উন্নতি হলে সকাল ৭টার দিকে সীমিত আকারে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্ম ছালাম হোসেন।
তিনি জানান, আবহাওয়া অনুকূলে আসায় যাত্রী ও যানবাহনের দুর্ভোগ কমাতে ফেরি চলাচল চালু করা হয়েছে। বর্তমানে সতর্কতার সঙ্গে পারাপার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। চলাচল পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে সেই চাপ কমতে শুরু করেছে।