সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম

সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন ক্যাম্পাসের ৩৭০ জন সাংবাদিক।

বুধবার (২৯ এপ্রিল) এক যৌথবার্তায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে কর্মরত ৩৭০ জন ক্যাম্পাস সাংবাদিক এই নিন্দা জানান।

যৌথবার্তায় তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তারা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কতিপয় নেতাকর্মীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বার্তায় সাংবাদিকরা উল্লেখ করেন, এ ঘটনা শুধু স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাতই নয়, বরং এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের হামলা দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

সাংবাদিকরা আরও বলেন, ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি সুপরিকল্পিত প্রবণতার অংশ বলে তারা মনে করছেন। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, তাই তাদের কণ্ঠরোধ করার যেকোনো প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করে দেয়।

যৌথবার্তায় হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সবশেষে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে, ভয়ভীতি প্রদর্শন করে বা দমন করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। দেশের সব ক্যাম্পাস সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে বলে তারা উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ন্যায়সঙ্গত দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত