পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত দেওয়া বুথফেরত জরিপগুলোকে প্রত্যাখ্যান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসব জরিপকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতেই এমন ফলাফল প্রচার করা হচ্ছে।
আত্মবিশ্বাস প্রকাশ করে মমতা দাবি করেন, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস অন্তত ২২৬টি আসনে জয়লাভ করবে। এমনকি ২৩০টিরও বেশি আসন পাওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
মোট ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার রেকর্ড ৯২.৪৭ শতাংশ ভোট পড়েছে। গতকাল এক বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২৬ সালের নির্বাচনে আমরা ২২৬ আসনের গণ্ডি ছাড়িয়ে যাব। মানুষের বিপুল জনরায়ের ওপর আমার পূর্ণ আস্থা আছে।”
তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রচণ্ড গরম ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সত্ত্বেও বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন সাধারণ মানুষ।
বুথফেরত জরিপগুলোকে তিনি 'বড় ষড়যন্ত্র' আখ্যা দিয়ে বলেন, ফলাফল ঘোষণার আগেই জনমতকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তার ভাষায়, 'যারা বাংলাকে দমাতে চেয়েছিল, ব্যালটের মাধ্যমে তারাই দমে গেছে।'
দলীয় কর্মীদের উদ্দেশে মমতা শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানির মুখেও সহিংসতায় না জড়াতে। তিনি বলেন, 'শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকুন। বাংলার মানুষের ওপর এবং দিদির ওপর ভরসা রাখুন। ৪ মে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, সব উত্তর পেয়ে যাবেন।'
উল্লেখ্য, বিভিন্ন বুথফেরত জরিপে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। ম্যাট্রাইজের জরিপে বিজেপিকে ১৪৬ থেকে ১৬১ আসন এবং তৃণমূলকে ১২৫ থেকে ১৪০ আসনে এগিয়ে রাখা হয়েছে। চাণক্য স্ট্র্যাটেজিস ও পি-মার্কের জরিপেও বিজেপিকে সামান্য এগিয়ে দেখানো হয়েছে।
অন্যদিকে, পিপলস পালসের একমাত্র জরিপে তৃণমূল কংগ্রেসকে ১৭৭ থেকে ১৮৭ আসনে জয়ী দেখিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সোমবার (৪ মে) ভোট গণনা অনুষ্ঠিত হবে।
