নারায়ণগঞ্জের আড়াইহাজারে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত গৃহবধূ সেলিনা বেগম (৪৭) মৃত্যুর সঙ্গে কয়েকদিন পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেলিনা বেগম আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার বাসিন্দা ও রফিকুল ইসলামের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করার সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। পরে তার চিৎকারে স্বামী দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান। পরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের নিকট দিয়ে দেওয়া হয়েছে।
নেশাগ্রস্ত বাবার হাত থেকে পুলিশের সহায়তায় বাঁচলো স্ত্রী ও সন্তানরা