স্প্যানিশ ক্লাবের উদ্দেশ্যে ক্লাব মালিক মেসির আবেগঘন বার্তা

আপডেট : ০১ মে ২০২৬, ০৪:১৭ পিএম

ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি এখন কেবল মাঠের ফুটবলারই নন, বরং স্প্যানিশ ক্লাব ইউই করনেলার মালিকও। গত ১৬ এপ্রিল ক্লাবটি কিনে নেওয়ার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভিডিও বার্তার মাধ্যমে প্রথমবারের মতো খেলোয়াড় ও স্টাফদের সামনে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও স্পেনের পঞ্চম সারির এই ক্লাবটির প্রতি নিজের দায়বদ্ধতার কথা জানিয়ে মেসি তার ভিডিও বার্তায় বলেন, 'আমি শুধু তোমাদের হ্যালো বলতে চাই এবং এটা জানাতে চাই যে—আমরা এখানে আছি। আমরা বড় হতে চাই এবং যেভাবে প্রয়োজন সেভাবেই সাহায্য করতে চাই। আমরা এই নতুন প্রজেক্টটি নিয়ে খুবই রোমাঞ্চিত।"

মেসি যে কেবল নামেই মালিক নন, বরং প্রতি সপ্তাহে দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন, তা-ও পরিষ্কার করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছিলেন, "আমি প্রতি উইকেন্ডে তোমাদের অনুসরণ করছি এবং সমর্থন দিচ্ছি।'

ক্লাব কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'লিওনেল মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। আমাদের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ক্লাবের ভিত্তি শক্ত করা এবং প্রতিভার পেছনে বিনিয়োগ অব্যাহত রাখা।'

মেসির এই বার্তা এমন এক সময়ে এল যখন ক্লাবটি দারুণ ছন্দে আছে। লিগের নিয়মিত মৌসুমের আর মাত্র দুটি ম্যাচ বাকি থাকতেই তারা 'সেগুন্দা আরএফইএফ'-এ (চতুর্থ সারি) প্রমোশনের জন্য প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে।

ইউই করনেলা স্পেনের ফুটবলে তাদের শক্তিশালী অ্যাকাডেমির জন্য পরিচিত। আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া এবং মেসির একসময়ের সতীর্থ জর্দি আলবার মতো তারকারা এই ক্লাবেরই আবিষ্কার। মেসি মূলত এই ইয়ুথ ডেভেলপমেন্ট এবং তৃণমূল পর্যায়ের প্রতিভাদের তুলে আনতেই ক্লাবটি কিনেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত