ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১মে) বিকেল ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন তামিম মিয়া (২৫), এবং তার স্ত্রী শিবলী (২২)। তামিমের বাবার নাম মো. হাবিবুল মিয়া। এবং শিবলীর বাবা আব্দুল ওহাব। তারা উভয়েই মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, দুপুরের পর মধুখালী থেকে মোটরসাইকেলযোগে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে আলতু খান জুট মিলের সামনে গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক তামিম মিয়ার মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী শিবলীকে দ্রুত মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
