বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

আপডেট : ০১ মে ২০২৬, ১০:৫৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে। শুক্রবার (১মে) ভোর ৫ টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বড়পুকুরিয়া ৫২৫ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। সকাল ১১টা থেকে প্রথম ইউনিট থেকে ৫ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হচ্ছে। এর জন্য দৈনিক ৭শ’ টন কয়লার দরকার হবে। এরআগে বুধবার (২২এপ্রিল) রাত ১০ টা ২ মিনিটে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে যায় ও কুলিং ফ্যান ভেঙ্গে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। ৪৮ ঘন্টা পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় উৎপাদনে ফিরে।

চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মধ্যে আবার শনিবার (২৫এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে  আবারও বন্ধ হয়ে যায় প্রথম ইউনিটি। ৬দিন পর শুক্রবার (১ মে)  প্রথম ইউনিট পুনরায় উৎপাদনে আসায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন কিংবা লোডশেডিংয়ের সম্ভাবনা অনেকাংশে কমে আসবে।
বড়পুকুরিয়া কয়লা খনির সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। ২০২০ সালের নভেম্বর থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট দ্বিতীয় ইউনিটে উৎপাদন বন্ধ।

বড়পুকুরিয়া ৫২৫ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড যুক্ত হয়েছে। কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি আগামী ১৫ মে উৎপাদনে ফিরলে আশা করছি। তৃতীয় ইউনিটটি সাথে চালু হলে এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমবে আশা করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত