নারায়ণগঞ্জে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার (১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত বন্দর উপজেলার হাবিবপুর, কাজীপাড়া ও রুস্তমপুর এলাকার বিভিন্ন স্থানে একাধিক টিম তল্লাশি অভিযান পরিচালনা করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সিফাত, শাহারিয়া তানভীর ও আবু সুফিয়ান নামে তিন ব্যক্তি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত। জরুরি পুলিশ সেবা (৯৯৯)-এ পাওয়া কলের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার ডিউটিতে থাকা এএসআই সোহেল রানা ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা ১৪-১৫ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল পুলিশের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তারা কনস্টেবল ফয়সালকে কুপিয়ে তার ডান হাতের দুটি আঙুল ও পেটে গুরুতর জখম করে এবং পুলিশের একটি শর্টগান লুট করে পালিয়ে যায়।
পরে পুলিশ অভিযান চালিয়ে গুলু মিয়ার বাড়ি থেকে লুট হওয়া শর্টগান উদ্ধার করে। আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
রাবিতে শ্রমিক দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান 