শারীরিক অবস্থার অবনতির কারণে শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার ফাউন্ডেশন শুক্রবার (১ মে) এ তথ্য জানিয়েছে।
ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, ৫৩ বছর বয়সী মোহাম্মদি দু’বার সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়েন এবং গুরুতর হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন। কারাগারের চিকিৎসকেরা তার অবস্থা কারাগারে সামাল দেওয়া সম্ভব নয় বলে মত দিলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
এতে আরও বলা হয়, আগেই পরামর্শ দেওয়া হয়েছিল তেহরানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা হওয়া প্রয়োজন। তবে শুক্রবার উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে তিনি দু’বার অজ্ঞান হয়ে পড়েন।
তার আইনজীবীদের মতে, গত মার্চের শেষ দিকে তিনি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন। কয়েক দিন পর আইনজীবীরা দেখা করতে গেলে তাকে খুব ফ্যাকাশে ও দুর্বল অবস্থায় দেখতে পান। হাঁটার জন্য তিনি একজন নার্সের সহায়তা নিচ্ছিলেন।
গত ১২ ডিসেম্বর পূর্ব ইরানের মাশহাদ শহর সফরকালে মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তার আইনজীবী জানান, এর মধ্যে ছয় বছরের সাজা দেওয়া হয়েছে ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের’ অভিযোগে।
ফেব্রুয়ারিতে তার পরিবার জানায়, কারাগারে মোহাম্মদির শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। তাদের অভিযোগ, ডিসেম্বরের গ্রেপ্তারের সময় তিনি মারধরের শিকার হন। তখন কয়েকজন ব্যক্তি তার শরীরের পাশ, মাথা ও ঘাড়ে আঘাত করে।
একই মাসে নোবেল কমিটি এক বিবৃতিতে মোহাম্মদির ওপর চলমান ‘জীবন-হানিকর নির্যাতনের’ নিন্দা জানায়।
