ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি: ইরানে ২ জনের ফাঁসি কার্যকর

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:০৯ পিএম

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে শনিবার (২ মে) দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান।

দেশটির বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’-এর বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।

দণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াঘুব কারিমপুর ও নাসের বেকরজাদেহ। বিচার বিভাগ জানিয়েছে, কারিমপুরকে ‘মোহারেবেহ’ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের জুনে ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধ চলাকালে তিনি সামরিক স্থাপনার ভিডিও ও ছবি মোসাদের কাছে পাঠিয়েছিলেন।

অন্যদিকে, নাসের বেকরজাদেহর বিরুদ্ধে অভিযোগ-তিনি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ধর্মীয় ও প্রাদেশিক ব্যক্তিত্বদের তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করেছেন। তবে তাদের ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছিল, তা জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া একটি নাজুক যুদ্ধবিরতিতে বর্তমানে সেই সংঘাত স্থগিত রয়েছে।

গুপ্তচরবৃত্তির পাশাপাশি জানুয়ারির গণবিক্ষোভের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি ইরানে একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, ওই বিক্ষোভ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ‘দাঙ্গায়’ রূপ নিয়েছিল। গত বৃহস্পতিবারও সাসান আজাদভার নামে এক ব্যক্তিকে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে।

গত ডিসেম্বরে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং ৮ ও ৯ জানুয়ারি তা চরমে ওঠে। ইরান সরকারের দাবি, বিদেশি মদদপুষ্ট এই আন্দোলনে ব্যাপক হত্যা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত