নানা কর্মসূচীর মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পরিচিত ‘মহান মে দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ছিল র্যালী, আলোচনা সভা, শ্রমিক সমাবেশসহ নানা আয়োজন।
এ সব অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সেক্টরে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চণার বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা দেশের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। এ সময় প্রতিমন্ত্রী মীর হেলাল তার বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক এই সরকারের নির্বাচনী ইশতাহারে শ্রমিকের ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা শ্রম আইন বাস্তবায়নে একটি স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তুলব। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মো. জিয়া উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শওকত আলী, চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে দেন।
এর আগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সোসাইটি দিবস ২০২৬ উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রমকল্যাণ কেন্দ্রগুলো যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের নগরীর টাইগার পাস মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সমাবেশে সিটি মেয়র শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করে বলেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি পূরণ না হলে মে দিবসের প্রকৃত তাৎপর্য বিলীন হয়ে যাবে। শিকাগো শহরে শ্রমিকরা তাদের রক্তের বিনিময়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন, সেই চেতনা আজও আমাদের সামনে প্রাসঙ্গিক। কিন্তু দুঃখজনকভাবে এখনো আমরা সব শ্রমিকের ন্যায্য দাবি পূরণ করতে পারিনি।
মেয়র বলেন, প্রতিটি সেক্টরেই শ্রমিকদের অবদান অনস্বীকার্য। রাস্তা নির্মাণ থেকে শুরু করে ভবন, নালা-নর্দমা পরিষ্কার, নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার প্রতিটি কাজে শ্রমিকদের নিরলস পরিশ্রম রয়েছে। আজ আমরা যে উন্নত অবকাঠামো ও নগরজীবন উপভোগ করছি, তা শ্রমিকদের ঘাম ও শ্রমের ফল।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ আবু ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার ফয়সাল দস্তগীর চৌধুরী, রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন, মিল্টন ডেকোরেটারসের ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম সামশুল হক।
মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ করেন। সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে সহ সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ সভাপতি স. ম. ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম প্রমুখ।