টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে কৃষকের মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:৫৪ এএম

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে মো. সরওয়ার আলম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরের দিকে টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে খারাংখালির লবণ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. সরওয়ার আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি নতুন পাড়ার নুরুল আলমের ছেলে। তিনি পেশায় লবণ চাষি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সরওয়ার আলম নাফ নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের ধারণা, এ সময় তিনি স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার ডা. হাসান মিয়া বলেন, সরওয়ার আলম নামে এক ব্যক্তিকে হেলথ কেয়ারে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা মরদেহ নিয়ে যান।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে বজ্রপাতের বিকট শব্দে সরওয়ার আলম নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত