পটুয়াখালীর দুমকিতে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।
শনিবার (২ মে) বিকেল ৩টার দিকে আকস্মিক ঝড়ের তাণ্ডবে উপজেলার হাসপাতাল সড়কে একটি বিশাল চাম্বল গাছ উপড়ে পাশের দুই দোকানঘরের ওপর পড়ে গেলে এ ক্ষয়ক্ষতি হয়। তবে ঝড়ের আগমুহুর্তে ঘর তালাবদ্ধ করে দোকানী বাড়ি চলে যাওয়ায় প্রাণে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গাছের নিচে চাপা পড়ে দোকানঘর দুটি চুরমার হয়ে গেছে। এতে দোকানে থাকা ফ্রিজসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মুদি দোকানি সৈয়দ নিজাম ও ব্যবসায়ী সৈয়দ আবুল কাসেমের গ্রামের বাড়ি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে।
একই সময় আঙ্গারিয়া ইউনিয়নের কদমতলা বাজারেও অনুরূপ গাছ উপড়ে পড়ে আরও একটি দোকানঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তীব্রতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বলেন, দোকানের মালামাল নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে জানতে উপজেলার দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাতের সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৮