বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালে সাংবাদিকরা পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ, বিনা বিচারে আটক সাংবাদিকদের মুক্তি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা।
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)। পরে সংগঠনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একের পর এক সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ায় বহু সাংবাদিক বেকার হয়ে পড়ছেন। দীর্ঘদিন পেশায় যুক্ত থাকলেও অনেক সাংবাদিক পেনশন বা ভাতার সুবিধা থেকে বঞ্চিত। ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করলেও তাদের জন্য এখনো কোনো ঝুঁকিভাতা চালু হয়নি।
তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর আইন না থাকায় পেশাজীবীরা হামলা, হয়রানি ও নানামুখী চাপের মুখে পড়ছেন। হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতার বিস্তারের কারণে প্রকৃত সাংবাদিকদের কাজের পরিবেশও ক্রমেই সংকুচিত হচ্ছে।
সাংবাদিকতা পেশার মানোন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন, আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, চ্যানেল এসের ব্যুরো প্রধান নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বরিশাল প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ, দীপ্ত টিভির বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল এবং চ্যানেল ওয়ানের ভিডিওগ্রাফার জুয়েল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি সুকান্ত অপি, কালের কণ্ঠ ডিজিটালের প্রতিনিধি জিয়াউল করিম মিনার, নাগরিক টেলিভিশনের ভিডিওগ্রাফার আনিসুর রহমানসহ অন্যান্য সাংবাদিক।
বরগুনায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন