ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ সোমবার (০৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় এই ভোট গণনা প্রক্রিয়া। নিয়ম অনুযায়ী, শুরুতে পোস্টাল ব্যালট এবং পরবর্তীতে ইভিএম-এর ভোট গণনা করা হচ্ছে। তবে গণনার শুরু থেকেই সবার নজর কেড়েছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু।
তামিলনাড়ুর এই নির্বাচনে বড় ধরনের চমক দেখাচ্ছেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রাথমিক ট্রেন্ডে অভাবনীয় সাফল্য পাচ্ছে। সকালের দিকে বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও, সময় বাড়ার সাথে সাথে বিজয় বড় ব্যবধানে এগিয়ে যেতে শুরু করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের টিভিকে বর্তমানে ১০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে কিছুটা পিছিয়ে থেকে ৫১টি আসনে লিড দিচ্ছে। এছাড়া এডিএমকে ৭৪টি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থানে রয়েছে। উল্লেখ্য যে, এই রাজ্যে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হলো ১১৮টি আসন।
ভোট পরবর্তী বুথফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে-এর জয়ের সম্ভাবনা জানালেও, চিত্র এখন ভিন্ন পথে হাঁটছে। জেভিসি এক্সিট পোলসহ কিছু জরিপে অবশ্য আগেই থালাপতি বিজয়ের দল ও এনডিএ জোটের ভালো ফলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বিজয়ের এই জয়রথ কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়।
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়-পরাজয়ের চূড়ান্ত গতিপথ নিশ্চিত হওয়া যাবে। তবে সব কেন্দ্রের ফলাফল পুরোপুরি ঘোষণা করতে রাত হয়ে যেতে পারে। বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক সমীকরণ বদলে দেবে কি না, তা নিয়ে এখন সরগরম পুরো ভারত।