পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি

আপডেট : ০৪ মে ২০২৬, ০৫:০৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফল ও গণনার প্রবণতায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিরোধী দল বিজেপি। সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় দেখা যাচ্ছে, গেরুয়া শিবির ম্যাজিক ফিগার ১৪৮ ছাড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। সব মিলিয়ে রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৯৭টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র ৯৩টি আসনে। 

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট কমিশন বাতিল করায় আজ ২৯৩টি আসনে ভোট গণনা চলছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম এবং পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে বিজেপি প্রার্থীদের লিড দেওয়ার খবর আসতে থাকে।

রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, এ রাজ্যে বিজেপিই সরকার গঠন করবে। আজ সোমবার গণনার শুরুর দিকে তিনি এই আশা প্রকাশ করেন। যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শুরুতে শুভেন্দু এগিয়ে থাকলেও সর্বশেষ খবর অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লিড নিচ্ছেন।

যদি এই প্রবণতা চূড়ান্ত ফলাফলে রূপ নেয়, তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এটি হবে একটি বড় পরিবর্তন। গত এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাধারণ মানুষের রায় কোন দিকে যায়, তা স্পষ্ট হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তবে বর্তমান প্রবণতা বলছে, নবান্নের দখল এবার বিজেপির হাতে যাওয়ার সম্ভাবনা প্রবল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত