‘খেলা শেষ’ লিখে বার্তা পশ্চিমবঙ্গ বিজেপির

আপডেট : ০৪ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ২৯৪টি আসনের ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে। এরমধ্যে প্রায় ১৯২টি আসনে এগিয়ে গেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে আছে। দুই দলের মধ্যে আসনের ব্যবধান প্রায় ১০০।

এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লেখা বার্তা দিয়েছে বিজেপি।

২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’ স্লোগান দেন। যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সেই স্লোগানের জবাবে বিজেপি ‘খেলা শেষ’ বার্তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরাজয়ের ছায়া ঘনীভূত হলেও মমতা বন্দ্যোপাধ্যায় একে বিজেপির একটি সুপরিকল্পিত কৌশল হিসেবে অভিহিত করেছেন। সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিজেপি পরিকল্পিতভাবে তাদের এগিয়ে থাকার খবর আগে প্রচার করছে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রাখা হয়েছে। এমনকি কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে, যেখানে ভোটের কোনো মিল নেই।

তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, মন খারাপ করার কোনো কারণ নেই। মাত্র তিন-চার রাউন্ড গণনা হয়েছে, ১৮-১৯ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করুন। সূর্যাস্তের পর আপনারাই জিতবেন। ওয়েট অ্যান্ড সি। তিনি আরও অভিযোগ করেন যে, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং সুপরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে বলেন, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব এবং শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা, রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে গেরুয়া শিবিরের বিজয় মিছিল ও উল্লাস শুরু হয়ে গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত