পলিথিন বিক্রির অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে সোমবার সকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বিক্রির অপরাধে ২০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দসহ দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক এএইচএম রাসেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া ও পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন। জরিমানা করা ওই দুই প্রতিষ্ঠান হলো, শাওন ষ্টোর ও বায়োজিন ষ্টোর।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এসময় দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে, শাওন ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি পলিথিন জব্দ এবং বায়োজিন ষ্টোরকে ৭ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পলিথিন শপিং ব্যাগের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত