ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে দরবার গ্রহণ এবং পেশাগত ও শিক্ষা সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল দরবার গ্রহণ করেন।
দরবারে মহাপরিচালক ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশ্বব্যাপী সব ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফায়ার সার্ভিসকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বেলা ১১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাম্প্রতিক সময়ে অপারেশন ও উদ্ধারকাজে বিশেষ পারদর্শিতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে দেশব্যাপী বাছাইকৃত ৮০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জনের মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে শিক্ষা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অন্যদের নিজ নিজ বিভাগে বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে মহাপরিচালকের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার কথা জানানো হয়।