গ্যাসের সিলিন্ডারে ৬ কোটি টাকার ইয়াবা

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৫৮ এএম

কক্সবাজার থেকে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ঢাকায় ২ লাখ পিস ইয়াবা আনার সময় দুর্জয় দত্ত (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত রবিবার বিকেলে ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।  উদ্ধার হওয়া ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।  গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হাসান মারুফ।

ডিজি বলেন, আমাদের কাছে তথ্য ছিল, একটি চক্র বেশ কিছু দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ওই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করি এবং নিশ্চিত হইÑ চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কালো রঙের প্রিমিও প্রাইভেট গাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট ওয়ারী এলাকায় সরবরাহ করবে। সে অনুযায়ী  আমাদের টিম ওখানে ওই গাড়িটি আসামাত্র তল্লাশি করে। এ সময় গাড়ির গ্যাসের সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ পেঁচানো বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব প্যাকেট খুলে দেখা যায়, এর ভেতরে ইয়াবা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে দুর্জয়কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুর্জয় জানান, ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক কারবারিদের সরবরাহ করা হচ্ছিল। তার সঙ্গে আরও অনেকে জড়িত। তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত