আমানত ফেরত ও ‘হেয়ারকাট’ বাতিলের দাবিতে চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী আমানতকারী ও গ্রাহকরা। গতকাল সোমবার সকালে কয়েকশ আমানতকারী ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আগ্রাবাদ বাদামতলী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা ঝুলিয়ে দেন। এরপর একে একে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায়ও তালা দেন।
এ সময় আন্দোলনকারীরা ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’Ñ ইত্যাদি সেøাগান দেন।
আন্দোলনে অংশ নেওয়া গ্রাহকরা জানান, ‘একীভূত হওয়া পাঁচ ব্যাংকে আমানত হিসেবে রাখা টাকা দীর্ঘদিন ধরে তারা ফেরত পাচ্ছেন না। টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংক নানা টালবাহানা করছে। লাখ লাখ টাকা ব্যাংকে জমা থাকলেও এক হাজার-দুই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। অন্যদিকে ‘হেয়ারকাট’-এর নামে দুই বছরের মুনাফার টাকা কেটে রাখা হচ্ছে।
আন্দোলনকারীরা আরও জানান, নিয়ম অনুযায়ী তারা সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছেন। তাতে কোনো প্রতিকার না পেয়ে এখন শাখায় শাখায় তালা ঝোলানো কর্মসূচি নিয়েছেন। সামনে বড় কর্মসূচি আসবে।
ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান বলেন, ‘একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।’