হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট ২৫ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৯ শিশু।
মৃত শিশুটি টাঙ্গাইলের মধুপুর এলাকার ৭ মাস বয়সী এক কন্যাশিশু। গত ৩০ এপ্রিল বিকেল সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কারণে তার মৃত্যু হয়।
হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা গণমাধ্যমকে জানান, গত ১৭ মার্চ থেকে ৫ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ২১ শিশু। এ নিয়ে মোট ছাড়পত্র পেয়েছে ৯৮৪ শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঢাকা দূষিত শহরের তালিকায় শীর্ষে