সখীপুরে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৫ মে ২০২৬, ০৪:২৫ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী এলাকায় জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে সখীপুর ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে দেখা যায়, প্রতি ৫ লিটার তেলে প্রায় ২৭০ গ্রাম এবং ১০ লিটারে ৫৪২ গ্রাম পর্যন্ত তেল কম দেওয়া হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় মেসার্স সখীপুর ফিলিং স্টেশনকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ফিলিং স্টেশনের মালিক রাজু আহমেদ ও মো. রফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযান শেষে আসাদুজ্জামান রুমেল বলেন, এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় গ্রাহকরা দীর্ঘদিন ধরে তেল কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন। একাধিক ভুক্তভোগী জানান, নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধ করলেও গাড়ির ফুয়েল মিটারে প্রত্যাশিত পরিমাণ তেল দেখা যাচ্ছিল না। অভিযানের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। একই সঙ্গে উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনেও এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত