ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার স্বামী আরব আলী মারাত্মক আহত হয়েছেন। তিনি বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অভিমান থেকে নিলুফা বেগম রেললাইনের পাশ দিয়ে দৌড়াতে থাকেন। একপর্যায়ে উপজেলার চতুল ইউনিয়নের কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় পৌঁছে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপ দেন তিনি। এ সময় পেছন থেকে ছুটে আসা স্বামী আরব আলী তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। ট্রেনের ধাক্কায় নিলুফার হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরব আলীও একই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা জানান, হাসপাতালে আনার আগেই নিলুফা বেগমের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারা এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এবারও মৌসুমীকে ছাড়াই জন্মদিন কাটাচ্ছেন ওমর সানী