পানিসম্পদমন্ত্রী জানালেন

একনেক বৈঠকে উঠছে পদ্মা ব্যারাজ প্রকল্প

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৪৯ এএম

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘পদ্মা ব্যারাজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ প্রায় সম্পন্ন হয়েছে। শিগগিরই এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।’ গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনা-বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

প্রকল্পের গুরুত্ব ও সুবিধা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারাজ বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি প্রকল্প। এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের প্রায় ২৪টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রকল্প বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা অগ্রাধিকারভিত্তিতে পূরণ করতে যাচ্ছে।’ এছাড়া বৈঠকে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তিস্তা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই বর্তমানে চলমান। কারিগরি ও অর্থনৈতিক সব দিক বিবেচনা করে দেশের মানুষের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করেই এই প্রকল্প এগিয়ে নেওয়া হবে।’ ঘণ্টাব্যাপী এই বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত