দেশের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে নতুন করে সরব হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। সংগঠনটির নেতারা বলছেন, উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে হলে সিদ্ধান্ত গ্রহণের উচ্চপর্যায়ে দক্ষ প্রকৌশলীদের সম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলীদের জন্য একটি সুনির্দিষ্ট চাকরিবিধি প্রণয়ন এখন সময়ের দাবি।
আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজধানীর রমনায় সংগঠনটির সদর দপ্তরের কাউন্সিল হলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা।
সভায় সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। সঞ্চালনা করেন সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ টি এম তানবীর-উল-হাসান (তমাল)। এ ছাড়া সভায় আইইবির কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) প্রকৌশলী মো. নূর আমিন এবং সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী।
এ ছাড়া ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন, প্রফেশনাল ও এসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের পক্ষ থেকে অংশ নেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, বৈশাখী টেলিভিশনের সিএনই তৌহিদ শান্ত, চ্যানেল ওয়ানের সিওও ফারহানা নিশু, বিটিভির চিফ নিউজ এডিটর মো. কামরুল ইসলাম, জিটিভির সিইও মো. রফিকুল ইসলাম, হেড অব নিউজ গাউছুল আজম বিপু, ডিএমডি আবুল হাসান প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রকৌশল খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, নীতি-সংস্কার এবং গণমাধ্যম-আইইবি সমন্বয় জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন।
