আইসিইউ সংকটে ঝরে গেল আরও এক শিশুর প্রাণ। গত মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চার মাস বয়সী সামির হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৭ শিশু। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৭৫।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা গতকাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ১৬ এপ্রিল শিশু সামির হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। শিশুটির হামের উপসর্গের পাশাপাশি তীব্র নিউমোনিয়া, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে এবং মৃগী ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
নিহত সামির হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রকিব মিয়ার ছেলে। ছেলের অকাল মৃত্যুতে বাবা রকিব মিয়া আহাজারি করে বলেন, ‘আইসিইউ সংকটের কারণেই ছেলেকে হারিয়েছি। শেষের দিকে ওর একটি আইসিইউ বেডের খুব দরকার ছিল। কিন্তু আমরা তা দিতে পারিনি। দেশের এত বড় একটি হাসপাতালে আইসিইউর অভাবে শিশুরা মারা যাচ্ছে, এটা মানতেও কষ্ট হচ্ছে।’
