সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত-১

আপডেট : ০৭ মে ২০২৬, ১১:১৫ এএম

নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চার ব্যবসায়ী সিংড়া ছাগলহাটি থেকে ছাগল কিনে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।

এসময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ। আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত