দাবি না মানা পর্যন্ত অনড় সিজেপি, আবারও দখল যন্তর মন্তর

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর আবারও দখলে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার দিনব্যাপী বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর যন্তর মন্তর থেকে মঞ্চ ও তাঁবু সরিয়ে ফেলা হয়। তবে মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা আবার সেখানে জড়ো হয়ে অবস্থান নেন।

সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে হাজারো শিক্ষার্থী ও বিক্ষোভকারী রাস্তায় নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে সংসদের কাছাকাছি পৌঁছে যাওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে শতাধিক পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হন।

দিল্লি পুলিশ জানিয়েছে, সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা বারবার সতর্ক করার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মানেনি এবং আক্রমণাত্মক আচরণ করেছে।

অন্যদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ, ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

এদিকে সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাঁর বাসভবনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিজেপি তিনটি দাবি তুলে ধরা হয়-সোনাম ওয়াংচুকের চলাচলে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ।

বৈঠক শেষে সৌরভ দাস বলেন, মন্ত্রী বিষয়গুলো যথাযথ পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। তবে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি মেলেনি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের।

সূত্র: এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত