আজ ২৫ বৈশাখ বাংলাভাষা ও সাহিত্যের প্রবাদপুরুষ, শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সাল) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কবিগুরু। রবীন্দ্রনাথ বহুমাত্রিক সৃজনকর্ম ছড়িয়ে দিয়েছেন বাংলা সাহিত্যে। বাংলাদেশ নামের রাষ্ট্রটির জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ তারই লেখা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অনেক কালজয়ী গান ও কবিতা ছিল দেশপ্রেমের সীমাহীন প্রেরণার উৎস। এবার রবীন্দ্র জন্মবার্ষিকীর আয়োজনের প্রতিপাদ্য ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।
রবীন্দ্রনাথের জন্মের দেড়শ বছরের বেশি সময় পেরিয়েছে। কিন্তু বাংলা সাহিত্য, বাঙালির জীবন ও মানসে এখনো তিনি অপরিহার্য। সৃষ্টিতে এখনো তিনি দেদীপ্যমান। রবীন্দ্ররচনায় মানুষের আবেগ, অনুভূতি, আকাক্সক্ষা, অভিব্যক্তির প্রকাশ ঘটেছে অতুলনীয়ভাবে। যেকোনো সমস্যা সংকটে তার গান, কবিতা সাহস ও প্রেরণা জুগিয়েছে। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ। তার এ প্রাপ্তি বাংলা ভাষাভাষীদের জন্য বয়ে এনেছিল অনন্য গৌরব।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বিশ্বকবির জন্মবার্ষিকী পালন করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৫ থেকে ২৮ বৈশাখ (৮ থেকে ১১ মে) জাতীয় নাট্যশালা মিলনায়তনে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রধান আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আজ দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। তবে এবার বসছে না ঐতিহ্যবাহী গ্রামীণমেলা।
খুলনা সংবাদদাতা জানান, জন্মবার্ষিকী উপলক্ষে নতুন সাজে সেজেছে কবির স্মৃতিধন্য খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে আজ ৮ মে থেকে তিন দিনব্যাপী সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা হবে। স্থানীয় প্রশাসন জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আবাসভূমি রূপসার পিঠাভোগ এবং ফুলতলার দক্ষিণডিহিতে কবির শ্বশুরালয়। প্রতি বছর রবীন্দ্রজয়ন্তীতে শান্তি নিকেতনের আদলে এখানেও আলপনা আঁকা হয়। এ ছাড়া রবীন্দ্র প্রবন্ধ, কবিতা, নৃত্য এবং নাটকের আয়োজন করা হয়।
